মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭

নয়নাভিরাম নৈনীতাল



নয়নাভিরাম নৈনিতাল


কাশ্মীরের পর এবার এক অন্য জায়গার কথা বলব।এবারের গন্তব্য দেবভূমি উত্তরাখণ্ডের লেক শহর নৈনিতাল।উত্তর ভারতে চাকরি করতে এসে দেওয়ালির ছুটি কাটাবার পরিকল্পনারই রূপ এবারের ভ্রমণ।তো যেই মত ঠিক করা ব্যাগ গুছিয়ে বেড়িয়ে পড়া হল। ভোরের কাঠগোদাম  শতাব্দীতে চড়ে মাত্র ৪ ঘন্টাতেই পৌঁছে গেলাম কাঠগোদাম।ছবির মত সাজানো একটা রেলস্টেশন। ট্রেনটা এসে দাঁড়াল একটা পাহাড়ের বুকে।স্টেশনের বাইরেই রয়েছে শেয়ার ট্যাক্সি। এরকমই একটা ট্যাক্সিতে উঠলাম,ভাড়া জনপ্রতি ৪০০ টাকা।তবে সিজনে নাকি আরো দাম বেড়ে যায়। বাসও আছে, কিন্তু মেলে কম। যাবার পথে একটা পথচলতি দোকানে গরম গরম চা আর পকোড়া খেয়ে এবারের পাহাড় ভ্রমণকে সেলিব্রেট করলাম।

১৪৩২ মিটার লম্বা আর ৪৫৭ মিটার চওড়া। সবুজ রং এর বিশাল নৈনি সরোবরকে ঘিরে নৈনিতাল।গোটা শহরটা দুটো ভাগে বিভক্ত- আপার লেক বা মল্লিতাল আর লোয়ার লেক বা টল্লিতাল, “টল্লি” কথার অর্থ নাকি তলার অংশ। আমাদের হোটেলটা ছিল আপার লেক এ,জু রোডে।
তা হোটেলে গিয়ে স্নান সেরেই আগে চলে গেলাম বারান্দায়।বারান্দা থেকে লেক দেখা যাচ্ছে। লেকের উপর রোদ ঝিলমিল করে তাকে আরো নয়নাভিরাম করে তুলেছে। খাওয়াদাওয়া সেরে বিশ্রাম নিয়েই বিকেলে বেড়িয়ে পড়লাম লেকের ধারে হাঁটতে।গাছে ছাওয়া ঠান্ডি সড়ক নৈনিতালের আর একটা বড় আকর্ষন। ওখানে গেলে ওই সড়ক ধরে হাঁটা কিন্তু মিস করবেন না।




নৈনিতাল শহরের নামকরন কিন্তু হয়েছে নয়নাদেবীর জন্য।লেকের ধারেই নয়না দেবীর বিশাল মন্দির।আমরা যেসময় গিয়েছিলাম পুরো মন্দির চত্বর আলো দিয়ে সাজানোয় অপূর্ব লাগছিল।মন্দির লাগোয়া তিব্বতি বাজারটা কিন্তু এই শহরের আরও একটা বড় আকর্ষন।শপিং যাদের পছন্দ এখানেই কেটে যেতে পারে অনেকটা সময়। আমরাও দেখলাম নানারকম ক্যান্ডেল। হ্যাঁ, এই মোমবাতি শিল্প এই অঞ্চলের বিখ্যাত একটা শিল্প।

হোটেলের বারান্দা থেকে নৈনিলেক
পরের দিন বেরনো ছিল,আমরা লেক ট্যুর নিইনি।ব্রেকফাস্ট করে বেড়িয়ে প্রথমেই শুরু করলাম হনুমানগড়িতে বজরংবলির পুজো দিয়ে। “গড়ি” কথার অর্থ সম্ভবত মন্দির। এরপর দেখলাম অনেক কিছুই। ভাল লাগলো ইকো কেভ গার্ডেন।প্রাকৃতিক গুহাকে সামান্য সংশোধন করে তৈরি এই জায়গাটি অ্যাডভেঞ্চার প্রেমীদের ভাল লাগবেই।একেকটা গুহার নাম একেক রকম, কোনটার টাইগার কেভ,কোনটার আবার মঙ্কি কেভ।
ইকো কেভ গার্ডেন


 দেখলাম ঝরনা, নওকুচিয়া তাল।উপর থেকে বার্ডস ভিউতে দেখা নৈনিতাল বাড়তি পাওনা।কিন্তু একটা কারনে মনটা খুঁতখুঁত করছিল। রোপওয়ে চড়া হলনা। যান্ত্রিক ত্রুটির কারনে বন্ধ ছিল। বিকালে ফিরে গেলাম শিকারা ভ্রমনে। শিকারা বা বোট ভ্রমণের জন্য পুরো লেকটা তিন ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। আমরা ঘুরলাম মধ্যভাগে। ওঠবার সময় বেশ ভয় লাগছিল যখন দুলে উঠছিল। তারপর পাহাড় আর লেকের অপরূপ রূপ ভয়টাকে ভুলিয়ে দিতে পেরেছিল।প্রায় ৯০ ফিট গভীর জানার পরেও ভয় করছিলনা। যদিও জলের প্রতি ভয় আমার একটু বেশিই।

সন্ধ্যায় লেকের ধারে মার্কেট ঘুরে,কেনাকাটা সেরে, গরম কফি আর আলু টিক্কি খেয়ে ফিরলাম হোটেলের দিকে।তখনই শুরু হয়ে গেছিল দেওয়ালির আলোর খেলা।লেকের দুদিকের পাহাড় যেন আলোর মালায় সেজে উঠেছিল।বাজীর আওয়াজ ফিরে আসছিল অন্যদিকের পাহাড়ে ধাক্কা খেয়ে।বারান্দায় বসে দেখতে দেখতে কেটে গেল অনেকক্ষন। রাতের খাওয়া সেরে শুয়ে পড়লাম। বাইরে তখনো আলোর রোশনাই। কিন্তু আমাদের কাল সকালে উঠে বেরতে হবে যে। ছুটি শেষ,আবার ফেরা রোজকার ব্যাস্ত জীবনে।কিছু সময়ের জন্য অক্সিজেন সংগ্রহ করে।

দেওয়ালির রাতে নৈনিতাল

আবার নাহয় এমনি করেই বেড়িয়ে পড়ব কোন একটা নতুন জায়গার খোঁজে, কিম্বা এই দেখা জায়গাটাকেই আরো একবার নতুন করে জানতে।

<কিভাবে যাবেন? ঃ

ট্রেন- দিল্লী থেকে  ১) কাঠগোদাম শতাব্দী 
      •                       ২) উত্তর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস
                      ৩) রানীখেত এক্সপ্রেস
      • ট্রেন- কলকাতা বা হাওড়া থেকে  ১) বাঘ এক্সপ্রেস  
                                ২) হাওড়া রামনগর এক্সপ্রেস
             
  • বাসে কিভাবে যাবেন   আনন্দবিহার বাস টার্মিনাস থেকে প্রতি ঘন্টাতেই এসি ও নন এসি বাস ছাড়ে, বেশিরভাগই যায় হলদুয়ানি অব্ধি।
    • তবে এসি বাসের জন্য আগে থেকে বুকিং করে রাখতে হবে।

  • থাকার জায়গা  ১) হোটেল মহারাজা  
                                ২) হোটেল গৌরি 
                                ৩) হোটেল হিমালয়া 
                          ৪) দ্য নৈনি রিট্রিট
      •  
  • মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭

    ভূস্বর্গের ডায়রি থেকে

    ভূস্বর্গের ডায়রি থেকে ...

    সোচ কে ঝিলো কা শহর হো,লহরো মে আপনা এক ঘর হো”- ছবির মত সাজান ডাল লেক এর বুকে যখন হৃত্বিক আর প্রীতি এই গানটি গাইছিলেন কাশ্মীরের সুন্দর প্রকৃতি হাতছানি দিয়ে ডেকেছিল তখন থেকেই। কিন্তু সুন্দর আর আতঙ্কের মাঝে আতঙ্কেরই জয়  হয়েছিল।ইচ্ছা থাকলেও তাই সাহস করে পরিকল্পনা করা হয়ে আর উঠছিলনা।স্বপ্নের ভ্রমণ তাই অধরাই থেকে গিয়েছিল।

     তবে প্রকৃতির অমোঘ আকর্ষন বড় মায়াময়। চারদিকে কাশ্মীরের বিজ্ঞাপণী হাতছানি মনকে যেন বলল “চালাও পানসি কাশ্মীর।” আর ঘোরার ব্যাপারে যেহেতু বাঙালী বরাবরের হুজুগে,তাই সব আয়োজন করে ফেলতেও দেরী হলনা।

     ২০১৫ এর ষষ্ঠীর দিনে মাকে আগমনীর প্রণাম জানিয়ে সপরিবার চেপে বসলাম পুর্বা এক্সপ্রেসে।এতদিনে যাচ্ছি কাশ্মীর, ভূস্বর্গ দেখতে।তাই আলাদা আনন্দ।পরেরদিন নামলাম নিউ দিল্লী স্টেশনে,সেখান থেকে পুরনো দিল্লী।কারন আমাদের ট্রেন শালীমার এক্সপ্রেস ছিল সেখান থেকে।প্রদিন ভোরবেলা শালীমার নামিয়ে দিল জম্মুতে।ড্রাইভার আগে থেকেই ঠিক করা ছিল, সুতরাং মারুতি ওয়াগনারে চেপে বসলাম আমাদের ভ্রমণ সফর শুরু করার জন্য।
    জম্মু থেকে কিছুটা এগোবার পরেই বদলাতে লাগল দুপাশের দৃশ্যপট। পথের পাশের সবুজরঙা নদীটার বয়ে চলার ছন্দ অথবা পাহাড়ের ধাপে ধাপে আঁকাবাঁকা রাস্তার বায়োস্কপিক দৃশ্য- মন ভুলিয়ে রেখেছিল।কিন্তু রাস্তাঘাটে গাড়ি এত কম কেন?অনেকক্ষন ধরেই ভাবাচ্ছিল ব্যাপারটা।অবশেষে ড্রাইভারের মুখে শনা গেল সত্যিটা।ভয় পাব বলে নাকি এতক্ষন বলেনি আমাদের।ওখানে নাকি এখন গন্ডগোল চলছে।পাথর ছুঁড়ছে লোকের উপর।ভয় পেলেও এসে যখন পড়েছি তো দেখেই ফিরব।

    থমথমে ভাবটা তখনো অবধি ঘিরে ধরেনি আমাদের, যখন ড্রাইভার বলেছিল “খিড়কি খোলকে মত রখনা ইস জগা পে, ইয়ে মিনি পাকিস্তান কহেলাতা হ্যায়”। পাথর ছোঁড়ার ভয়ে গাড়িটা খুব জোরে চালিয়ে নিয়ে গিয়েছিল সে ওই বিপজ্জনক পাহাড়ি রাস্তা ধরে।জায়গাটার নাম বানিহাল।পাশ দিয়ে বয়ে চলা নদী আর দুপাশের দৃশ্য ভুলিয়ে দিয়েছিল যেকোন মুহুর্তে ছুটে আসতে পারে পাথরের টুকরো।


    “কাশ্মীর”- নামটার সঙ্গেই জড়িত অনেক ভয় আর বেশ কিছু স্মৃতি,যা মনে করায় একটাসময় পরিব্রাজকদের জন্য খুব একটা নিরাপদ ছিলনা এই জায়গা। তারপর কেটেছে অনেকটা সময়।পরিস্থিতি শান্ত হয়েছে।আমরা ভ্রমণপিপাসু মানুষরা উপেক্ষা করে থাকতে পারিনি এই সুন্দরের হাতছানি।বহু সাধ আর সাধ্যের কষ্টসাধ্য মেলবন্ধন ঘটিয়ে এই বছর আয়োজন করেছিলাম ভুঃস্বর্গভ্রমনের।ভয়কে জয় করার মানসিকতা নিয়েই বেরিয়েছিলাম আমরা। এমনকী শ্রীনগর যেতে না পেরে সে রাত্রে যখন আমাদের গাড়ি পহেলগাঁও যাবার পথ ধরল গ্রামের মধ্যে দিয়ে ভয় পাইনি তখনও। অন্ধকার রাস্তা দিয়ে ছুটে চলেছে কেবল আমাদের একটি মাত্র গাড়িই,আশেপাশে বহুদূর অব্ধি চোখে পড়ছেনা কোন আলোর রেখা।শুধু মাঝে মাঝে কোন একটি বা দুটি ঘরে দেখা যাচ্ছে টিমটিমে তেলের আলো।রাতের অন্ধকারে গ্রামের নাম দেখতে পাইনি।ভয় কাকে বলে প্রথম বুঝতে পারলাম যখন গাড়ী আটকে রাস্তার মাঝে জনাদশেক ছেলে আমাদের গাড়ির দিকে এগিয়ে এসেছিল। তাদের মধ্যে দু-তিনজন গাড়ির কাঁচের মধ্যে দিয়ে উঁকি মেরে দেখার চেষ্টা করছিল ভিতরে বসে থাকা আমাদের।ড্রাইভারকে কাঁচ নামাতে বলে ‘কোথাকার গাড়ি,কোথা থেকে আসছে ইত্যাদি সব তথ্য জেনে সে যখন এটা বলেছিল, “লড়কি হ্যায়, জানে দো।” স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম।মনে হচ্ছিল এই মানবিক ব্যাবহারটুকু বুঝি খুব দরকার এখানকার পরিবেশ সম্পর্কে ভয় কাটাবার জন্য।
    আরু ভ্যালি 


    পরের সকালে শ্রীনগরের বদলে ঘুম ভাঙল পহেলগাঁওতে।ভূঃস্বর্গে আসছি বলে কথা,এটুকু ওলটপালট তো চলতেই পারে।এই বলে প্রকৃতির দিকে মনোনিবেশ করলাম গরম ধোঁয়া ওঠা চায়ের কাপ সহযোগে।তা প্রকৃতিও আমাদের এই উদারতার পুরস্কার অকৃপণ হাতেই দিয়েছিল,তার রূপের ডালি ভরে সাজিয়ে।আরু আর বেতাব উপত্যকার নয়নকাড়া রূপে মুগ্ধ না হয়ে পারা যায়!বেতাব উপত্যকার নামকরন বেতাব ফিল্মের নাম অনুসারে। দেখলাম কোন জায়গায় নায়ক নায়িকা ছিলেন শুটিং চলাকালীন। বেতাব দেখে নিয়ে চললাম চন্দনবাড়ির উদ্দেশ্যে। অমরনাথ যাত্রার প্রথম সিঁড়িতে মাথা ঠেকিয়ে মনে মনে বলেছিলাম, ‘আবার যেন আস্তে পারি।’

    বেতাব ভ্যালি

    রাতের অন্ধকার থাকতেই বেরিয়ে পড়তে হচ্ছিল আমাদের অন্য গন্তব্যের উদ্দেশ্যে।ড্রাইভাররা সব গাড়ি একসাথে যাবে,তাই অমন রাত থাকতে আমাদের তুলে দিয়ে ঘুরতে নিয়ে বেড়িয়ে পড়া।বেশ খানিকটা বিরক্তও লাগছিল। কি যে করে এরা। কিন্তু উপায় আর কি? তাই আধোঘুমেই রওনা দেওয়া।


    পরের দিন পহেলগাঁও থেকে সরাসরি শোনমার্গ গিয়ে রাতের ঘুম বিসর্জন দেওয়াটাও উসুল হয়ে গেল প্রাকৃতিক দৃশ্য দেখার পরে।আমরা গাড়ি নিয়ে শোনমার্গ থেকে আরো আগে গেছিলাম জোজিলা পাস অবধি।ন্যাশানাল হাইওয়ে ১ডি এর উপর অবস্থিত এই জোজিলা পাস ১৯৪৮ সালে পাকিস্তানী সেনা দ্বারা অধিকৃত হয়ে যায়।আবার যুদ্ধে জিতে সেটা জয় করতে হয়েছিল, যুদ্ধের স্মারক বানানো হয়েছে সেই স্থানে।কয়েক ইঞ্চি পুরু বরফের উপর বরফের গোলা নিয়ে খেলা করার সময় মনেই হচ্ছিলনা রাতজাগার ক্লান্তি আমাদের ছুঁতে পেরেছে।
    শোনমার্গ

    শোনমার্গ দেখে এসে সেই রাত্রিটা থাকলাম শ্রীনগরে।শ্রীনগর থেকেই পরবর্তী গন্তব্য ছিল গুলমার্গ।গুল অর্থাৎ ফুল। রংবেরং এর ফুলের সাথে আমাদের অতিরিক্ত পাওনা হয়েছিল তুষারপাত। সারা ভ্যালিজুড়ে সাদা বরফের চাদরে নিজেকে মুড়ে নেওয়া গুল্মার্গ সম্পূর্ন এক অন্য রূপে অভ্যর্থনা জানিয়েছিল আমাদের। ঠান্ডাতে হাত পা সব ফেটে যাবার জোগাড়। তবু ওরই মধ্যে বরফ নিয়ে মজার খেলা।আর রোপওয়ে চড়া না হলেও আনন্দের ঘাটতি রইলনা।
    বরফে ঢাকা গুলমার্গ


    পরেরদিন আমরা রইলাম শ্রীনগরেই। ঘুরে দেখলাম ওখানকার স্থানীয় জায়গা- মুঘল গার্ডেন, শঙ্করাচার্জ মন্দির,শালীমার বাগ। গরম গরম ট্রাউট মাছ ভাজা ওই পরিবেশে আলাদা মাত্রা এনে দিল।
    বিকালে ডাল লেকে শিকারা ভ্রমণ। লেকের উপর বসে সুস্বাদু কাওয়া চা পানের স্মৃতি অমলিন থাকবে মনের কোনে। এই ছোট ছোট জিনিসগুলোই তো জীবনে অন্য মাত্রা যোগ করে।
       
     
    ডাল লেকে শিকারা 
    কাশ্মীরকে প্রকৃতি ঢেলে দিয়েছে তার রূপের সম্ভার দিয়ে,একথা অস্বীকার করার নয় ফুলে ফলেও ভরিয়ে রেখেছে।আখরোট,আপেল,কেশর, টিউলিপের সম্ভারে ঢেলে সাজানো এই জায়গাটাকে এই কদিনেই ভালো বেসেছিলাম সেকথা বেশ বুঝতে পারছিলাম।
    বরফ,ফুলের সমারোহ,ডাললেকের শিকারা ভ্রমণ থেকে কাওয়া,ট্রাউট মাছ- বাদ গেলনা কিছুই। কাশ্মীরের রূপ,রস, গন্ধ, বর্ন প্রাণভরে নিলাম আমার মধ্যে।কিন্তু এত কিছু সত্ত্বেও বাকি থেকে গেল আরও অনেককিছু।যেন দেখেও দেখা শেষ হলনা।যাই হোক না কেন, চিরযাযাবর জীবন ত আমাদের জন্য নয়, তাই সময়সীমা মেনে আবার এই কংক্রীটের জঙ্গলে ফিরতেই হবে। তবে বাকী থেকে গেল অনেককিছু,অনেক চেনাকেও আবার নতুন করে চেনা।তাই আসার আগে আবারও বলে এলাম এই অপরূপ  ভূঃস্বর্গকে -  “আবার আসিব ফিরে









    সাম্প্রতিকতম লেখা

    মায়ানগরী

                                      মায়ানগরী                                   শর্মিষ্ঠা দে ছোটবেলায় যখন চিত্রহার দেখতাম,ব...